সিরাজগঞ্জে রবি/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে
কৃষি কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০১:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, সিরাজগঞ্জ এর আয়োজনে রবি/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৬ সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস এর প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর উপপরিচালক কৃষিবিদ এ, কে, এম, মনজুরে মাওলা।
অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত সভার রেজুলেশন পাঠ এবং জেলার বর্তমান কৃষির উল্লেখযোগ্য কার্যক্রগুলো পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক। অনুষ্ঠানে বিগত সভার কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সভায় প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবিত লাগসই প্রযুক্তিসমূহ উপস্থাপন; উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিসমূহ বাস্তবায়নে সকল দপ্তরের সাথে সমন্বয়; অর্থকরী ফসল হিসেবে চিবিয়ে খাওয়া বিএসআরআই আখ ৪২ (রংবিলাশ), বিএসআরআই ৪৯ (ব্লাক রুবি) ও স্টেভিয়া চাষ সম্প্রসারণ; আখের সাথে সাথি ফসল চাষ; ভেজাল সার সনাক্তকরণ, মাটির স্বাস্থ্য বিবেচনায় মাটি পরীক্ষা করে জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ; সার সুপারিশ প্রণয়নে মৃত্তিকা গবেষণায় নমুনা প্রেরণ; খামারী এ্যাপস ব্যবহার; বারোমাসি কাঁঠালের ব্যাপকভাবে চারা উৎপাদন ও সরবরাহ; ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ও উচ্চফলনশীল কালো চালের বোরো ধানের জাত ব্রি ধান১১৫ এর সম্প্রসারণ; চলতি মৌসুমে আমন ধানসহ অন্যান্য ফসলের রোগ ও বালাই সম্পর্কিত আলোচনা; রাসায়নিক সারের মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং; কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি; উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা অনুযায়ি খরিপ-২ ও রবি মৌসুমে (২০২৬-২৭) প্রধান প্রধান ফসল আবাদের লক্ষ্যমাত্রা, বীজের চাহিদা এবং উৎস ভিত্তিক সম্ভাব্য প্রাপ্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এসসিএ, বিএডিসি, বিএসআরআই, বিজেআরআই, এসআরডিআই, তুলা উন্নয়ন বোর্ড, বারি(ওএফআরডি), ব্রি, বিনা, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপনন অধিদপ্তর, বিসিআইসি সার, কীটনাশক ও বীজ ডিলার প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ ৩০ জন উপস্থিত ছিলেন।








