“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”
পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন
- আপডেট সময় ০৪:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৮২ বার পড়া হয়েছে
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রোববার (১৬ আগস্ট) বেলা ১2.30 মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে পাবনা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
র্যালি শেষে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত আলোচনা সভায় পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার মো. আবু আশ্রাফ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “পাবনা জেলা কৃষি ও মৎস্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানকার উদ্বৃত্ত মাছ ও শাকসবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানেও সরবরাহ করা হয়। আমাদের ‘মাছে-ভাতে বাঙালি’র ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদ-নদীর পানি ধারণক্ষমতা বাড়াতে বিভিন্ন খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইছামতী ও পদ্মাসহ পাবনার বিভিন্ন নদ-নদী এবং প্রাকৃতিক জলাশয়ের ওপর নির্ভর করে অনেক মৎস্যজীবী তাঁদের জীবিকা নির্বাহ করেন। ভবিষ্যতে পদ্মা ও তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পাবনা জেলায় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, মৎস্যচাষী, হ্যাচারি মালিক, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।









