বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষমতা ধরে রাখার লক্ষ্যে সিরাজগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, সিরাজগঞ্জের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিরাজগঞ্জ এর প্রশিক্ষণ হলে ২৪ সেপ্টেম্বর ২০২৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ আঃ মজিদ, ঊর্ধ্বতন প্রশিক্ষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোরসালীন জেবীন তুরিন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম নবীসহ প্রশিক্ষকবৃন্দ সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল ও সমৃদ্ধ রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অপরিসীম। তাঁদের অক্লান্ত পরিশ্রমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়ার আগে একজন কর্মীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পুষ্টি গ্রহণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কর্মীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে সহায়তা করে। তাই বিদেশগামী কর্মীদের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী প্রশিক্ষণে বিদেশী আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, খাদ্য নির্বাচনের সঠিক পদ্ধতি, সুষম খাদ্য ও নিরাপদ খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত লবণ-চিনি ও চর্বি পরিহার, সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে সুস্থ থাকার কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই অর্থ বছরে সিরাজগঞ্জে ৭ টি ব্যাচে ২১০ জন বিদেশগামী কর্মীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এ সময় আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং বিদেশগামী কর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।








